উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হুরবানু আক্তার পলি :দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কুমিল্লার দেবীদ্বারে ছুটে এসেছেন চীনা যুবক জেকুইন(৩৫)।
শুক্রবার
(২৭ নভেম্বর) দুপুরে তিনি দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর
গ্রামে তাঁর প্রেমিকা নুসরাত জাহান তামান্না(১৯)'র বাড়িতে আসেন। তবে
পরিবারের অসম্মতির কারণে মধ্যরাতে পুলিশের সহযোগিতায় তাঁকে ফিরে যেতে
হয়েছে।
চীনা যুবক জেকুইন জানান, প্রায় ৬ মাস পূর্বে সামাজিক
যোগাযোগ মাধ্যম 'উইচ্যাট' (WeChat)- এর মাধ্যমে উপজেলার সুলতানপুর গ্রামের
আমির খন্দকারের মেয়ে নুসরাত জাহান তামান্নার সঙ্গে তার পরিচয় হয়। সময়ের
সাথে সাথে তাদের এই পরিচয় গভীর ভালোবাসায় রুপ নেয়।
তিনি আরও
বলেন, ভালোবাসার মানুষের সাথে দেখা করতে এবং তাকে বিয়ে করতে গত ১৯ নভেম্বর
তিনি চীন থেকে বাংলাদেশে আসেন এবং ঢাকার একটি আবাসিক হোটেলে ওঠেন।
শুক্রবার দুপুরে তিনি সরাসরি প্রেমিকার গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার
৬নং ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুরে গ্রামে পৌঁছেছেন।
সরেজমিনে
শুক্রবার রাতে সুলতানপুর গ্রামে গিয়ে দেখা গেছে, একজন বিদেশি যুবক প্রেমের
টানে গ্রামে এসেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে তামান্নাদের বাড়িতে উৎসুক
জনতার উপচে পড়া ভিড়।
প্রেমিকা তামান্না জানান, ওই চীনা যুবককে
বিয়ে করে চীনে পাড়ি জমাতে চান। তবে তামান্নার বাবা-মা ও স্থানীয়
এলাকাবাসী এই বিয়েতে কোনোভাবেই রাজি হননি। দীর্ঘ সময় আলোচনার পরও পরিবার
রাজি না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর
দেওয়া হয়। পরে দেবীদ্বার থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার মধ্যরাতে
চীনা যুবক জেকুইন নিরাপদে প্রেমিকার বাড়ি ত্যাগ করেন।
তামান্নার
বাবা আমীর হোসেন বলেন, আমরা গরীব মানুষ, মেয়ে মোবাইলে ওই ছেলের সাথে
যোগাযোগ হয়েছে। ও ছেলে এক মাসের ভ্রমন ভিসা নিয়ে দেশে এসেছে, আমরা তাকে
বলেছি সে যদি বিবাহের জন্য আইনি ভাবে তার পরিবারের এবং ঐ দেশের লিগ্যাল
সম্মতিপত্র নিয়ে আসেন। তবে তার সাথে মেয়েকে বিয়ে দিব।
ফতেহাবাদ
ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা
যুবক আসার সংবাদ পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছি। তিনি এক মাসের ভ্রমন ভিসা
নিয়ে এ দেশে এসেছেন, তার বিবাহের কোনো অনুমতি পত্র নেই। তাছাড়া বিভিন্ন
সময় বিভিন্ন ঘটনা ঘটছে, বিয়ে করে পরে অনেকেই ব্ল্যাকমেইলের স্বীকার
হচ্ছেন। তামান্নার পরিবার বিবাহ দিতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায়
রাতেই ওই চীনা যুবক গ্রাম থেকে চলে গিয়েছেন।
এবিষয়ে দেবীদ্বার
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, চীনা যুবক আসার
সংবাদ পেয়ে তার নিরাপত্তার কথা ভেবে সেখানে পুলিশ পাঠিয়েছি। তবে যার
বাড়িতে এসেছিলেন, সেই মেয়ের পরিবার বিয়েতে সম্মতি না থাকায় রাতেই সেই
যুবক বাড়ি থেকে চলে যান।