উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার
করে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে
ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং
অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ব্রিফিংয়ে
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ
কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার
ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) যুবরাজ দাসের
নেতৃত্বে ডিবির একটি দল ২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযান
পরিচালনা করে। ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার ৬ নম্বর ওয়ার্ডের
সেনবাড়ি এলাকায় জনৈক নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলার
পশ্চিম পাশের কক্ষ থেকে ওই ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা
হলেন— টাঙ্গাইলের ঘাটাইল থানার উত্তর লক্ষীন্দরের আব্দুর রহিমের ছেলে মোঃ
মনির হোসেন (২৩), বরিশালের মুলাদী থানার চরকালেখানের লুৎফর রহমানের ছেলে
মোঃ মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার বালুকজানের রফিক
উদ্দিনের ছেলে মোঃ তানভীর আহম্মেদ (২৫), ঘাটাইল থানার লক্ষীন্দরের জাকির
হোসেনের ছেলে মোঃ জিল্লুর রহমান জনি (২৭), একই এলাকার রশিদ মিয়ার ছেলে মোঃ
মজনু (২৬), ফুলবাড়ীয়া থানার বাদিহাটির নীলু মন্ডলের ছেলে মোঃ নাঈম মন্ডল
(২৪) এবং ফুলপুর থানার শ্রীপুরের খলিলুর রহমানের ছেলে মোঃ রাকিব (২০)।
অভিযানকালে
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার কাজে
ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা
গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে
প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
উদ্ধারকৃত আলামত
পরীক্ষা-নিরীক্ষাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের
প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ চক্রের সঙ্গে জড়িত
অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে ময়মনসিংহ ডিবির অভিযান অব্যাহত
রয়েছে।
এদিকে অনলাইন ডেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। অপরিচিত কারও সঙ্গে
ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও আদান-প্রদান কিংবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে
বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো অনলাইন প্রতারণা
বা হয়রানির শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা পুলিশের সহায়তা নেওয়ার
অনুরোধ জানানো হয়েছে।