উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় নিষিদ্ধ হাইড্রোজ ও রঙ ব্যবহার
এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে ‘মুসলিম সুইটস এন্ড
বেকারি’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা
থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার বিসিক শিল্প নগরী
এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা
গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে বিসিক শিল্প এলাকায় খাদ্য উৎপাদনকারী
প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ‘মুসলিম সুইটস এন্ড বেকারি’তে
চানাচুর, মিষ্টি, চিপস ও অন্যান্য বেকারি পণ্য তৈরিতে মানবদেহের জন্য
ক্ষতিকর ও নিষিদ্ধ হাইড্রোজ এবং রঙ ব্যবহারের প্রমাণ হাতেনাতে পাওয়া যায়।
পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করা
হচ্ছিল।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী
প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ
ধরনের অনিয়ম থেকে বিরত থেকে সংশোধনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে
সতর্ক করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার
সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিরাপদ
খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী
ফরিদা ইয়াসমিন এবং জেলা পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযান শেষে
সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত
করতে জেলাজুড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি অভিযান
অব্যাহত থাকবে।