উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে পণ্যবাহী ট্রেন থামিয়ে
নাইকি ও ক্রোকসের জুতাসহ ২ কোটি ২০ লাখ ডলারের (২২ মিলিয়ন ডলার) বেশি
মূল্যের মালামাল চুরির ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক ফেডারেল অভিযোগপত্রে এ তথ্য জানানো
হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, সংঘবদ্ধ এই চক্রটি লস অ্যাঞ্জেলেস ও
লং বিচ বন্দর হয়ে দেশে আসা অন্তত ৩৬টি পণ্যবাহী ট্রেনকে লক্ষ্যবস্তু
বানিয়েছিল। এসব ট্রেনে নামী ব্র্যান্ডের জুতা, বিদ্যুৎচালিত সরঞ্জামসহ
নানা ভোগ্যপণ্য পরিবহন করা হতো।
তদন্তকারীদের মতে, চক্রটি
পূর্বনির্ধারিত স্থানে ট্রেনের ব্রেক বিকল করে সেটিকে থামাতে বাধ্য করত।
এরপর বগি থেকে মালামাল নামিয়ে ট্রাকে তুলে সরিয়ে নেওয়া হতো এবং পরে একটি
প্রতিষ্ঠানের কাছে সেগুলো বিক্রি করে দেওয়া হতো, যারা পরবর্তীতে পণ্যগুলো
খোলা বাজারে ছাড়ত।
অভিযুক্ত ব্যক্তিরা চুরির ঘটনার ছবি ও ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যমের নিজস্ব গ্রুপে আদান-প্রদান করতেন। তাদের বিরুদ্ধে
সংঘবদ্ধ অপরাধ ও আন্তরাজ্য রেলপথে পণ্য চুরির অভিযোগ আনা হয়েছে। আদালতে
দোষী সাব্যস্ত হলে প্রত্যেককে ৫ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে
পারে।
সূত্র: এনবিসি নিউজ