উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেস্ক
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি
একটি প্রীতি ফুটবল ম্যাচে খেলতে গিয়ে আহত হয়েছেন। তিনি অ্যাকিলিস টেন্ডন
ছিঁড়ে ফেলেছেন। সিটি হলের সাংবাদিকদের বিপক্ষে খেলতে গিয়ে এমন বিপাকে
পড়লেন তিনি।
৩৫ বছর বয়সী মেয়র জানান, ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে। আবারও ফুটবল মাঠে ফিরতে সময় লাগবে প্রায় নয় মাস।
শুক্রবার
একটি সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে হাজির হন মামদানি। চোট পেলেও তার
মুখের হাসি অবশ্য মুখ থেকে যায়নি। চিরচেনা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে
উপস্থিত হয়েছিলেন প্রেস ব্রিফিংয়ে। সেখানে এক সাংবাদিক চোটের কথা জিজ্ঞেস
করলে তিনি তা নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতের খেলায় এটি
ঘটেছে। ঠিকমতো ওয়ার্ম-আপ না করাকেই তিনি দায়ী করেন। মামদানি বলেন, ‘আমি
স্ট্রেচ করিনি।’
ফুটবলের একনিষ্ঠ ভক্ত মামদানি মাঠে নামার পর গোলের
কথাও মনে করেন। তিনি বলেন, ‘মাঠে নেমেই আমি একটা গোল করি। আর ভুলে
গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’ গোল করার একটু পরেই তার অ্যাকিলিস ছিঁড়ে
যায়। তাই প্রায় নয় মাস তিনি ফুটবল খেলতে পারবেন না। তবে তার দল যে
সাংবাদিকদের হারিয়েছে, সেটা মনে করিয়ে দিতে ভোলেননি তিনি।
ম্যাচটি
হয় ম্যানহাটানের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ইনডোর ফুটবল
কেন্দ্রে। এক দলে ছিলেন মেয়রের কর্মীরা। অন্য দলে ছিলেন প্রায় দুই ডজন
সাংবাদিক। সন্ধ্যা সাতটায় খেলা শুরু হয়। মামদানি এসে পৌঁছান এর পরে। খেলা
শুরুর একটু পরই তিনি মাঠে নামেন।
খেলাটি হয় ছোট ইনডোর মাঠে, সাত
জনের দল নিয়ে। মেয়রের কার্যালয় দাবি করেছে, তারা ১০-৫ গোলে জিতেছে। তবে
ফল নিয়ে ভিন্ন ভিন্ন বিবরণ আছে। কিছু সাংবাদিক বলছেন, ফল ছিল ৮-৪ বা ৮-৫।
স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, বল তাড়া করতে গিয়ে চোট পান মামদানি। অন্য
কোনো খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে এটি হয়নি।
রাজনীতিবিদ হলেও ফুটবল
খেলাটা দারুণ ভালোবাসেন মামদানি। সুযোগ পেলেই মাঠে নেমে পড়েন। আর ইংলিশ
ফুটবলে তার প্রিয় দল আর্সেনাল। দলটিকে এতটাই ভালোবাসেন যে, আর্সেনালের
জার্সির আদলে বানানো এক পাঞ্জাবি পরে তিনি সবশেষ ঈদের নামাজেও চলে
এসেছিলেন! ফুটবলের প্রতি সেই ভালোবাসাই অবশ্য এবার কাল হলো তার জন্য।