উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট প্রতিনিধি:
সিলেটে আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা
থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন
মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের পাঁচ
দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সমগ্র
সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি
ময়নুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন ধর্মঘটের বিষয়টি
নিশ্চিত করেছেন।
শ্রমিক নেতারা জানান, সোমবার ভোর থেকে জেলার
সর্বস্তরের পরিবহন শ্রমিকরা এই ধর্মঘটে অংশ নেবেন। তবে এর আগে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দাবিগুলোর বিষয়ে কোনো ফলপ্রসূ সমাধান এলে
পরবর্তী সিদ্ধান্তের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র
জানায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিলেটের কেন্দ্রীয় বাস
টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত
হয়। পরিষদের সভাপতি শেখ ইমরান হোসেন ঝুনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক
নাজির আহমেদ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় সমন্বয় পরিষদের নিজস্ব
তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। পাশাপাশি সিএনজিচালিত
অটোরিকশা মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এই
অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়।
অটোরিকশা
মালিক-শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—সিলেটের শোরুম থেকে কেনা
সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত
রিকশার নিবন্ধন বন্ধ রাখা এবং শহরে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা।
এছাড়া অবৈধ ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ,
ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধসহ ট্রাফিক বিভাগের
দুর্নীতি রোধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বিআরটিএ সিলেটের হয়রানি
বন্ধের দাবি জানানো হয়েছে।