উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত এবং নতুন
পাসপোর্টের আবেদন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন ও আলোচনার
সৃষ্টি হয়েছে। তবে ফ্যাসিবাদবিরোধী প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সাফ
জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘোষণাকে তারা কোনো বাস্তব উদ্যোগ হিসেবে দেখছেন না;
বরং এটি কর্মী চাঙা রাখার নিছক ‘স্টান্টবাজি’। বর্তমান পরিস্থিতিতে বৈরী
রাজনৈতিক অবস্থান সত্ত্বেও বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি
(এনসিপি) চায় না সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফিরে আসুন।
আইনি প্রক্রিয়ায় বিচার ও প্রতিহতের হুংকার
বিএনপির
স্পষ্ট অবস্থান হলো—শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রচলিত আইন ও আদালতের
মুখোমুখি হতে হবে। দলটির নেতারা বলছেন, গণহত্যাকারীদের জনগণ কখনোই মেনে
নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন,
যারা দেশের মানুষের রক্ত ঝরিয়ে পালিয়ে গেছেন, তারা আবার উড়ে এসে জুড়ে
বসবেন—এটি কোনোদিনই সম্ভব নয়। জনগণই তাদের প্রতিরোধ করবে।
অন্যদিকে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শেখ
হাসিনা ফিরতে চাইলে তাকে সরকারের সঙ্গে আঁতাত করে আসতে হবে, যা বর্তমান
সরকার করবে না। আর যদি তিনি ‘টুস করে’ ঢুকে পড়েন, তবে বিমানবন্দর বা
স্থলবন্দর—যেখানেই হোক, জনগণ তাকে ধরে উপযুক্ত জবাব দেবে।
নাশকতা ও সহিংসতার শঙ্কা, মাঠপর্যায়ে সতর্কতা
সম্প্রতি
পোশাক শ্রমিকদের আন্দোলন এবং দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও
গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা জড়িত
থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলো।
বিশেষ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের দোসররা যাতে কোনো ধরনের অস্থিরতা
বা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত
সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে
জানানো হয়েছে, দলমত নির্বিশেষে যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে প্রতিহত করা হবে
এবং এ ক্ষেত্রে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা হবে।
রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া
বিপ্লবী
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেড় দশকের দুঃশাসনের
জন্য জাতির কাছে কোনো ক্ষমা না চেয়ে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের
রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়।
এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল
ইসলাম আদিব বলেন, “গণহত্যাকারী এই নেত্রী ফিরবেন না, তবে আসার নামে কিছু
অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাতে পারেন। জুলাই যোদ্ধারা এবং দেশের সাধারণ
মানুষ তা শক্ত হাতে দমন করতে প্রস্তুত রয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের
মতে, ডিসেম্বরের সম্ভাব্য তারিখকে কেন্দ্র করে একধরনের মানসিক চাপ তৈরির
চেষ্টা চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের
নাশকতা এড়াতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ের নজরদারিও
জোরদার করা হয়েছে।