উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা আর
মানবিক অনুভূতির অনন্য সুরে বাংলা লোকসংগীতকে সমৃদ্ধ করেছেন বৈষ্ণব কবি ও
মরমি সাধক রাধারমণ দত্ত। তাঁর সৃষ্ট গান ও ধামাইল আজও গ্রামবাংলার মানুষের
হৃদয়ে বেঁচে আছে। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে তাঁর প্রেমময় দর্শন ও
লোকঐতিহ্য। সেই কালজয়ী সাধককে স্মরণ করে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা
সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল
৫টায় হাসন রাজা মিলনায়তনে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ও জেলা শিল্পকলা
একাডেমির যৌথ আয়োজনে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাধারমণ
দত্তের জীবন, সাহিত্যকর্ম, সংগীতসাধনা এবং বাংলা লোকসংস্কৃতিতে তাঁর
অসামান্য অবদান নিয়ে আলোচনা করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির
কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা
একাডেমির আবৃত্তি প্রশিক্ষক পল্লব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা
সভায় বক্তব্য দেন পৌর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমেদ, রিপোর্টার্স
ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, গীতিকার ও কবি দ্রুপদ চৌধুরী
নূপুর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর
(পিপি) আনিসুজ্জামান শামীম এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর
রহমান।
আলোচনায় বক্তারা বলেন, রাধারমণ দত্ত কেবল একজন গীতিকার বা
কবি নন, তিনি বাংলা লোকসংগীতের এক অনন্য সাধক। তাঁর রচিত গান মানুষের
প্রেম, বিরহ, ভক্তি, জীবনবোধ ও মানবিক অনুভূতির গভীর প্রকাশ ঘটিয়েছে। বিশেষ
করে ধামাইল গানের মাধ্যমে তিনি গ্রামীণ নারীদের সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ
করেছেন। তাঁর সৃষ্টি সুনামগঞ্জের সাংস্কৃতিক পরিচয়কে দেশ-বিদেশে তুলে
ধরেছে। নতুন প্রজন্মের কাছে রাধারমণের গান ও দর্শন পৌঁছে দিতে নিয়মিত
চর্চা, গবেষণা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা
শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এতে একে একে রাধারমণ দত্তের
গান ও ঐতিহ্যবাহী ধামাইল পরিবেশন করে পিয়াইন ধামাইল দল, কনকচাঁপা ধামাইল
দল, দ্রুবতারা শিল্পীগোষ্ঠী, কলি ধামাইল দল, গানের পাঠশালা, প্রিয়াছন্দ
সাংস্কৃতিক চর্চাকেন্দ্র, সোনিহী সংগীত বিদ্যালয়, বাণী সংগীত বিদ্যালয়,
কৃষ্ণকলি ধামাইল দল, রাইবিনোদিনী ধামাইল দল, লোকসংগীত একাডেমি, মনোরঞ্জন
সাংস্কৃতিক চর্চাকেন্দ্র, শতদল ধামাইল দল, সুন্দরম শিল্পীগোষ্ঠী, বাতিঘর
সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকদল শিল্পীগোষ্ঠী, জেলা বাউল সমিতি, আন্তর্জাতিক
রাধারমণ পরিষদ, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির
শিল্পীরা।
বিভিন্ন সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মিলনায়তনজুড়ে ছড়িয়ে
পড়ে রাধারমণের সুর ও ধামাইলের ঐতিহ্য। শিল্পীদের পরিবেশনায় উঠে আসে বাংলার
লোকজ জীবন, প্রেম-বিরহের অনুভূতি এবং মরমি সাধনার আবহ।
রাধারমণ
দত্তের গান কেবল অতীতের স্মৃতিচিহ্ন নয়, বরং বাংলার লোকজ সংস্কৃতির জীবন্ত
উত্তরাধিকার। তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং ধামাইলসহ
লোকসংগীতের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়েই স্মরণানুষ্ঠানটি হয়ে ওঠে
লোকসংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা।