উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা নগরীর বাদুরতলা ও
কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে নকল ওটস, অনুমোদনহীন শিশু খাদ্য এবং
বিদেশি পণ্যে সঠিক লেবেল ও এমআরপি না থাকায় ‘মিয়ামী গ্রেন্ড ভিউ’ নামের
একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই তদারকি অভিযান পরিচালিত হয়।
জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার
মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক
সহযোগিতা প্রদান করে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, তদারকিকালে
বাদুরতলা ও কান্দিরপাড় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে নিত্যপণ্য, শিশু খাদ্য ও
বিদেশি পণ্যের মান যাচাই করা হয়। এ সময় ‘মিয়ামী গ্রেন্ড ভিউ’
প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে নকল ওটস বিক্রি ও সরবরাহ, নিম্নমানের ও
অনুমোদনহীন শিশু খাদ্য সংরক্ষণ, বিদেশি পণ্যে আমদানিকারকের লেবেল, খুচরা
মূল্য (MRP) ও ঠিকানা না থাকা এবং পণ্যের ক্রয়ের বৈধ ভাউচার প্রদর্শন করতে
ব্যর্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়।
অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা
অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার
টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।