উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর উপজেলার
সুরমা ইউনিয়নের ধোপাজান চলতি নদীর পাড়ের সদর গড় গ্রাম সহ অন্যান্য জনপদ
ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হতে চলেছে। ইতিমধ্যেই বেশ কয়কটি ঘর বাড়ি নদী
গিলে খেয়েছে। বাকী গুলো ও হুমকির সম্মুখীন।
ধোপাজান নদীর
ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ,
ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোকে সরকারি উদ্যোগে পুনর্বাসন এবং আর্থিক
সহায়তা প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার ৬ নভেম্বর সকাল ১১টায় ধোপাজান নদীর প্রবেশমুখে সদরগড়ের পশ্চিম পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুরমা
ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য তানজিনা বেগমের সভাপতিত্বে এবং ইউপি
সদস্য আফসান পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় নদী গর্ভে ঘর বাড়ি
হারানো বাসিন্দারা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা
কামাল, মনিরুজ্জামান মাসুদসহ আরও কয়েকজন। বক্তারা বলেন, ধোপাজান নদীর
ভাঙনে নদীতীরবর্তী এলাকার বসতবাড়ি, জমিজমা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা
হুমকির মুখে পড়েছে। ভাঙনের কারণে অনেক পরিবার বসতভিটা হারিয়ে মানবেতর
জীবনযাপনের আশঙ্কায় রয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা
জরুরি।
তারা আরও বলেন, নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই
প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করা না হলে এলাকার আরও পরিবার ক্ষতিগ্রস্ত হতে
পারে। তাই সাময়িক পদক্ষেপের পরিবর্তে পরিকল্পিতভাবে স্থায়ী বাঁধ নির্মাণ
করতে হবে। একই সঙ্গে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর তালিকা
প্রস্তুত করে সরকারি উদ্যোগে পুনর্বাসন এবং আর্থিক সহায়তা নিশ্চিত করতে
হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন
বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরেজমিন পরিদর্শন
এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।