উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী
উপজেলা তাহিরপুরের কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন আগামী ১২ ডিসেম্বর
অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর এই নির্বাচনকে কেন্দ্র করে
সীমান্ত এলাকার ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য
সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব
নির্বাচন করে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে উন্মুখ হয়ে আছেন।
গত ২
নভেম্বর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী আনুষ্ঠানিকভাবে এই
নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২
ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত
হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৬৪ জন। ভোটগ্রহণ শেষে গণনা শেষে
প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচন পরিচালনা কমিশনে
আরও দায়িত্ব পালন করছেন— সহকারী কমিশনার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
মেহেদী হাসান উজ্জ্বল, আপিল বোর্ডের প্রধান ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আলী হায়দার, আপিল বোর্ডের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান
ফেরদৌস আলম আখঞ্জী এবং ডা. সামসু উদ্দিন।
নির্বাচনী তফসিলের মূল তারিখসমূহ:
১২ নভেম্বর: মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা।
১৫ নভেম্বর: মনোনয়ন ফরম যাচাই-বাছাই।
১৬ নভেম্বর: বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ।
১৯ নভেম্বর: মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল।
২১ নভেম্বর: আপিল নিষ্পত্তি।
২২ নভেম্বর: চূড়ান্ত প্রার্থীদের শুনানি।
২৫ নভেম্বর: প্রার্থিতা প্রত্যাহার।
২৬ নভেম্বর: চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ।
সম্ভাব্য প্রার্থীদের আলোচনা:
দীর্ঘদিন
পর নির্বাচন হওয়ায় পদপ্রার্থীদের নিয়ে ব্যবসায়ীদের মাঝে চলছে নানা
জল্পনা-কল্পনা। সভাপতি পদে এখন পর্যন্ত বর্তমান সভাপতি ও সাবেক ইউপি
চেয়ারম্যান খসরুল আলম এবং খন্দকার মোস্তাক আহমেদের নাম জোরেশোরে আলোচনায়
রয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি
চেয়ারম্যান সবুজ আলম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
পরিচালক মোস্তাক আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হকের নাম আলোচনার
শীর্ষে রয়েছে।
দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।