উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সংঘটিত একটি
চাঞ্চল্যকর অ্যাপল স্টোর ও শপিং মল চুরির ঘটনার আড়াই বছর পর প্রধান পলাতক
আসামি রোমানিয়ান নাগরিক আয়োনেলা-রামোনা সিমিলিয়ানু অবশেষে পুলিশের জালে ধরা
পড়েছেন। দীর্ঘ দিন পলাতক থাকার পর কানেকটিকাট রাজ্য থেকে তাকে গ্রেফতার
করে নিউ জার্সির বার্গেন কাউন্টিতে ফিরিয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে ১৭টি
গুরুতর অভিযোগ আনা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে
জানা যায়, ৩৩ বছর বয়সী সিমিলিয়ানু এবং তার সহযোগী রবার্ট পেত্রিসোর নুতা
পূর্ব উপকূলের বিভিন্ন রাজ্য ঘুরে হোটেল অবস্থান করে অভিনব কায়দায় চুরি ও
প্রতারণা চালিয়ে আসছিল। গত ২০২৪ সালের ১ এপ্রিল মন্টভেলের ‘টিস কর্নার’
এলাকার একটি অ্যাপল স্টোর ও আশপাশের শপিং মলে তারা বড় ধরনের চুরির
পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, নুতা এক বয়স্ক ব্যক্তির পকেট
থেকে মোবাইল ও নগদ অর্থসহ মানিব্যাগ হাতিয়ে নেয়। এরপর তারা অ্যাপল স্টোরে
গিয়ে জালিয়াতির মাধ্যমে ৩ হাজার ৭০০ ডলার মূল্যের একটি ল্যাপটপ কেনার
চেষ্টা করে।
পুলিশের তাড়া ও চাঞ্চল্যকর পলায়ন:
ঘটনার সময় মন্টভেল
পুলিশ অফিসার ম্যাট জাগাজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে রবার্ট
পেত্রিসোর নুতাকে আটক করেন। এদিকে বাইরে জিপ চেরোকি (Jeep Cherokee) গাড়িতে
অপেক্ষারত সিমিলিয়ানু পুলিশের উপস্থিতি টের পেয়ে নুতাকে ফোন করে বলেন, “আই
লাভ ইউ। গুডবাই।” এরপর তিনি দ্রুত গাড়িটি নিয়ে পালিয়ে যান।
তবে মূল
চাবির রিংটি নুতার পকেটে থাকায় সিমিলিয়ানু বেশি দূর এগোতে পারেননি; স্যাডল
রিভার পুলিশ কিছুদূর গিয়েই পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে।
চোরাই মালামাল জব্দ:
পরিত্যক্ত
গাড়িটি তল্লাশি করে পুলিশ টিফানির ব্রেসলেট, ম্যাকবুক, দুটি রোমানিয়ান
পাসপোর্ট, আইফোন, ৫ হাজার ডলার মূল্যের বেস্ট বাই কার্ড এবং লুই ভিটনের
মানিব্যাগসহ মোট ২৭ হাজার ৬১৬ ডলার মূল্যের চোরাই পণ্য উদ্ধার করে।
আইনি পরিণতি:
গ্রেফতারের
পর সহযোগী নুতা জেল খাটলেও পরবর্তীতে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম
এনফোর্সমেন্ট (ICE) কর্তৃপক্ষের মাধ্যমে তাকে নিজ দেশ রোমানিয়ায় ডিপোর্ট
(বহিষ্কৃত) করা হয়। অন্যদিকে পলাতক সিমিলিয়ানু নিউ জার্সি, ওয়েন ও
পেনসিলভেনিয়াসহ বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনায় ওয়ান্টেড ছিলেন। অবশেষে
কানেকটিকাটের স্ট্যামফোর্ড পুলিশ তাকে গ্রেফতার করে নিউ জার্সিতে
প্রত্যর্পণ করে। বর্তমানে তিনি বার্গেন কাউন্টি জেলে বন্দি রয়েছেন।