উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ
রক্ষায় অভিযানকালে মৎস্য বিভাগের কর্মীদের ওপর হামলা করেছে জেলেরা।
মঙ্গলবার ভোরে উপজেলার কুমারখালী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় এসে
রামদা ও লাঠিসোটা নিয়ে হামলা চালান জেলেরা।
এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মৎস্য
বিভাগ জানায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার
মধ্যরাত থেকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে
অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযানকালে কুমারখালীর এলাকায় ১২টি
ইঞ্জিনচালিত নৌকায় এসে জেলেরা তাদের গতিরোধ করে।
এ সময় জেলেরা
লাঠিসোটা ও রামদা নিয়ে হামলা চালায়। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব
কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন। হামলায় জেলা মৎস্য
কর্মকর্তা এনামুল হক, তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম,
সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, মাঝি মো. রেজাউল করিম, চালক মো.
মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন।
জেলা
মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ
হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করছিল। এ সময় আমাদের
দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।
হামলাকারীরা চালক ও মাঝিকে লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে
অভিযানে না আসার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে
তারা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।