উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা নগরীর রাজগঞ্জ ও
দেশালীপট্রি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি
অভিযানে রঙের গোটা দিয়ে দধি তৈরি এবং অতিরিক্ত দামে ফল বিক্রির অপরাধে ৪টি
প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭
অক্টোবর) বেলা ১১:০০টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত
হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার
সহকারী পরিচালক মো: কাউছার মিয়া। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের
একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা
যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রাজগঞ্জ ও দেশালীপট্রি এলাকার
বিভিন্ন দধি, ফল, মিষ্টি, ডিম ও চালের আড়তে তদারকি চালানো হয়। অভিযানে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় ৪টি
প্রতিষ্ঠানকে আর্থিক দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ও অপরাধ:
নন্দগুরু দধি ভান্ডার: অস্বাস্থ্যকর পরিবেশে রঙের গোটা দিয়ে দধি তৈরি ও
বিপণনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ২০,০০০ টাকা
জরিমানা করা হয়।
নজরুলের ফল বিতান: যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে ফল বিক্রির দায়ে ৩৮ ধারায় ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
ছুট্ট মিয়ার ফল দোকান: ক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদর্শন করতে না পারা এবং
অতিরিক্ত দামে ফল বিক্রির অভিযোগে ৩৮ ধারায় ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
শাহ আলমের ফল দোকান: মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে ফল বিক্রির দায়ে ৩৮ ধারায় ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান
পরিচালনাকারী কর্মকর্তা সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, জনস্বার্থে
ভেজাল প্রতিরোধ, পণ্যের সঠিক মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভোক্তা
অধিকারের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।