উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক:
২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ
শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি করে মোট নতুন চারটি পাঠ্যবই অনুমোদন
দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয়
পরিমার্জন সাপেক্ষে অনুমোদন পাওয়া এসব বই আগামী শিক্ষাবর্ষ থেকেই
পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিসিসির পৃথক সভায় বই চারটির অনুমোদন দেওয়া হয়।
নতুন
শিক্ষাক্রমের আওতায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুমোদিত বই দুটি
হলো— ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির
শিক্ষার্থীরা পাবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’
নামের দুটি নতুন বই।
চতুর্থ শ্রেণির বই দুটির অনুমোদনসংক্রান্ত
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও
গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক
ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
গিয়াস উদ্দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের
সভাপতিত্বে সভায় আরও অংশ নেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান,
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য
সদস্য।
এদিকে, ষষ্ঠ শ্রেণির নতুন বই দুটির অনুমোদন দিতে আয়োজিত
সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস
উদ্দিন। এ সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্য
সদস্যরাও অংশ নেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই বইগুলো চালুর ফলে
শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা,
আনন্দময় শিক্ষণ এবং কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে আরও দক্ষ ও জীবনমুখী
হয়ে ওঠার সুযোগ পাবে।