উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি, সামরিক সংঘাত, আকাশসীমা
বন্ধ ও ফ্লাইট বাতিলের জেরে অঞ্চলের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের
জন্য জরুরি ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। গত ১৯
অক্টোবর (সোমবার) এক যৌথ বিবৃতিতে মার্কিন নাগরিকদের এসব দেশ ভ্রমণে
নিরুৎসাহিত করার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইউরো
নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
যেসব দেশের জন্য এই
যৌথ সতর্কতা জারি করা হয়েছে সেগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত
(ইউএই), কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন,
ইয়েমেন এবং ইসরায়েল।
বিবৃতিতে মার্কিন প্রশাসন উল্লেখ করে, ইরান ও
তার সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা
প্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। বিশেষ করে সৌদি আরবে
ইরান-সমর্থিত হুতি বাহিনীর সাম্প্রতিক হামলা, যা বেসামরিক বিমানবন্দর ও
সংবেদনশীল পরিকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে, তা সাধারণ মানুষের জীবন বিপন্ন
করার পাশাপাশি আকাশপথের যোগাযোগ ব্যবস্থাকে মারাত্মকভাবে বিঘ্নিত করেছে।
মার্কিন নাগরিকদের জন্য জারি করা প্রধান নির্দেশনাগুলো:
ভ্রমণ পরিহার: বর্তমান পরিস্থিতিতে উল্লেখিত দেশগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে।
ফ্লাইটের তথ্য যাচাই: নির্ধারিত সময়ে ফ্লাইট চলবে—এমনটি ধরে না নিয়ে
ভ্রমণকারীদের নিজ নিজ এয়ারলাইন্স বা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি
যোগাযোগ করে যাত্রার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দিষ্ট
বিমানবন্দর ও এয়ারলাইন্স: লেবাননে থাকা মার্কিন নাগরিকদের বৈরুত রফিক
হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে এবং ইয়েমেনে থাকা নাগরিকদের
‘ইয়েমেনিয়া এয়ারওয়েজ’ ও ‘ফ্লাই এডেন এয়ারলাইন্স’-এর সঙ্গে সরাসরি
যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
'STEP' রেজিস্ট্রেশন: জরুরি
নিরাপত্তা বার্তা পেতে এবং কূটনীতিকদের সঙ্গে দ্রুত যোগাযোগের সুবিধার জন্য
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’
(STEP)-এ নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া
মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের সবসময় ফোন চার্জ রাখা, স্থানীয়
গণমাধ্যমের খবরের ওপর নজর রাখা, স্থানীয় কর্তৃপক্ষের সুরক্ষা নির্দেশনা
মেনে চলা এবং মার্কিন দূতাবাসের পরিষেবার সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে
অতিরিক্ত সতর্কতা বজায় রেখে চলাচলের তাগিদ দেওয়া হয়েছে।