উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল)-এর ১৯তম বার্ষিক কনভেনশন। স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) ম্যানহাটনের বার্কলে স্ট্রিটে অবস্থিত ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩৭ (DC 37) সদর দফতরে দিনব্যাপী এই কনভেনশন অনুষ্ঠিত হয়।
কনভেনশনে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি সহ দক্ষিণ এশীয় শ্রমজীবী ও মেহনতি মানুষের রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সংগঠনের শীর্ষ নেতৃত্বের পরিচালনায় অনুষ্ঠানে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও চ্যাপ্টার থেকে আসা বিপুল সংখ্যক প্রতিনিধি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমজীবী নেতা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্টরা অংশ নেন।
সম্মেলনে বক্তারা বলেন, আমেরিকান মূলধারার রাজনীতি ও নীতি নির্ধারণে সাউথ এশিয়ান শ্রমজীবী মানুষের দৃশ্যমান ভূমিকা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বক্তারা বাংলাদেশি সহ পুরো দক্ষিণ এশীয় কমিউনিটির ভোটাধিকার প্রয়োগ, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেন।
দিনব্যাপী এ আয়োজনে ছিল আলোচনা সভা, সাংগঠনিক রিপোর্ট পেশ ও আগামী দিনের কর্মসূচি ঘোষণা। সমাপনী পর্বে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আসালের চলমান সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।