উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা নগরীর স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় বিষাক্ত রাসায়নিক
কেমিক্যাল ব্যবহার করে অপরিপক্ক কলা পাকানোর অপরাধে এক আড়তদারকে ৫০ হাজার
টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত আদর্শ সদর
উপজেলার বিভিন্ন কলার আড়ত, মুদি দোকান ও খুচরা গ্যাস সিলিন্ডারের দোকানে এই
তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্র জানায়, রেসকোর্স ও
স্টেশন রোড এলাকার কলার আড়তগুলোতে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে অপরিপক্ক কলা
পাকানো হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভোক্তা অধিকার।
তদারকিকালে বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে কলা পাকানোর দৃশ্য হাতেনাতে ধরা
পড়ে। আইন লঙ্ঘনের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘হালিমের
কলার আড়ত’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে বিষাক্ত
কেমিক্যাল দিয়ে পাকানো সমস্ত কলা উপস্থিত জনসাধারণের সম্মুখে ধ্বংস করা হয়।
অসাধু ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে জনসম্মুখে মুচলেকা
প্রদান করলে তাকে সতর্ক করে সুযোগ দেওয়া হয়।
এছাড়া একই সময়ে
পরিচালিত অভিযানে ওই এলাকার বেশ কিছু মুদি দোকান ও খুচরা এলপিজি গ্যাস
সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং নির্ধারিত নিয়মে ব্যবসা
পরিচালনার জন্য সতর্কবার্তা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয়
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।
এতে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুল কালাম আজাদ,
অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম।
সহকারী
পরিচালক মো: কাউছার মিয়া জানান, জনস্বাস্থ্য রক্ষা ও ভেজালমুক্ত খাদ্য
সরবরাহ নিশ্চিত করতে ভোক্তা অধিকারের এ ধরনের তদারকি ও সচেতনতামূলক অভিযান
নিয়মিত অব্যাহত থাকবে।