উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা: মাদক বন্ধের উদ্যোগ নিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণেই মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ফাঁদে পড়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল, যেন মাদকের প্রসার বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় তিনি আজ ফাঁদে পড়ে গেলেন।”
ঘটনার পেছনে মূল দায় স্বরাষ্ট্রমন্ত্রীর উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, “সমস্যাটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আর আরেকজন সেই পাপে ভোগেন। এটি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর চরম ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই বলির পাঁঠা বা ফাঁদে পরিণত হলেন।”
একই অনুষ্ঠানে দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সরকার সবাইকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসের তথ্য বিশ্লেষণ করলে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বা মন্দির ভাঙচুরের নানা ঘটনা দেখা যায়।
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন, “আজকে আমাকে আবার ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’— এ ধরনের ট্যাগ দিয়ে দেবেন না। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের কষ্টের কথা আপনাদের (গণমাধ্যম) কাছে পৌঁছে দেওয়ার জন্যই বলেছেন। তারাও আপনাদের ভালোবাসেন, আপনারাও তাদের ভালোবাসেন।”
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ভুল-বোঝাবুঝি দূর করতে উভয় সম্প্রদায়ের মানুষকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানান এই এনসিপি নেতা। তিনি বলেন, প্রয়োজনে তাদের সঙ্গে সরাসরি বসতে হবে, কারণ তারাও আলোচনায় বসতে আগ্রহী। পারস্পরিক আলোচনার মাধ্যমেই সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটতে পারে।