উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিতর্কের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দল মনোনয়ন দিলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রতিমন্ত্রী পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির আবেদন জানিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। পদত্যাগের ব্যাখ্যায় তিনি বলেন, "আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছিল। দলকে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না বলেই স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।"
দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, "আমি মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি। দল যদি আমাকে যোগ্য মনে করে এবং মনোনয়ন দেয়, তবে আমি অবশ্যই প্রার্থী হব।" পদত্যাগের পর তিনি তাঁর সংসদীয় এলাকা ঢাকা-৬ ও পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন এবং মাদক নির্মূলে পূর্ণ সময় মনোযোগ দেবেন বলে জানান।
উল্লেখ্য, সম্প্রতি এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে চরম বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হলে গত রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তাঁকে ডেকে নিয়ে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরদিনই তিনি সংবাদ সম্মেলন করে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা ও ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনার কথা জানালেন।