উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভাষা শহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি।
রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী
সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক
মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী
নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন
বেগম।
সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী
৭ জানুয়ারি ২০২৭ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময়
নির্ধারিত হয়।
আগামী ৭ বা ৮ ফেব্রুয়ারি মাহে রমজান শুরু হওয়ার
সম্ভাবনা রয়েছে। সে কারণে রমজানের আগেই বইমেলা শেষ করতে চান প্রকাশকরা।
রমজানের জন্যই বইমেলা ৭ জানুয়ারি শুরু হচ্ছে কিনা- জানতে চাইলে বাংলা
একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম যুগান্তরকে বলেন, প্রকাশকদের
সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত। তারা কী কারণে মেলা আগে করতে চান তারাই ভালো
বলতে পারবেন।
এ বিষয়ে প্রকাশক আরিফুর রহমান নাইম যুগান্তরকে বলেন,
রমজানের কারণেই মূলত বইমেলার তারিখ ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি করা
হয়েছে। এর আগে পুস্তক বিক্রেতা সমিতিতে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
প্রকাশকদের এই সিদ্ধান্তই সরকার মেনে নিয়েছেন।