উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি, নিউ ইয়র্ক:
আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে টানা পাঁচ
দিন নিখোঁজ থাকার পর অবশেষে মিলেছে বাংলাদেশি ও শ্রমিকলীগ নেতা কাজী আজিজুল
হক খোকনের (৬০) মৃত্যুর বেদনাদায়ক খবর। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে
১০টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের
সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
স্বজন ও সহকর্মীদের সূত্র জানায়, খোকন
গত শনিবার থেকে তাঁর কিউ গার্ডেনের বাসা থেকে নিখোঁজ ছিলেন। চারদিকে অনেক
খোঁজাখুঁজির পর বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর পান স্বজনেরা। ধারণা করা
হচ্ছে, নিখোঁজের দিনই তিনি মৃত্যুবরণ করেছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে সিটির
একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা
করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত্যুর সময় সাথে কোনো আত্মীয়স্বজন
না থাকায় এবং তাৎক্ষণিকভাবে সঠিক পরিচয় নিশ্চিত হতে না পেরে কর্তৃপক্ষ
মরদেহটি ব্রুকলিনের উইনথ্রপ স্ট্রিটস্থ ‘চিফ মেডিকেল এক্সামিনার কার্যালয়’
(599 Winthrop Street, Brooklyn)-এর ফিউনারেলে হস্তান্তর করে। বর্তমানে
তাঁর মরদেহ সেখানেই রাখা আছে।
নিহত কাজী আজিজুল হক খোকনের দেশের
বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে
বসবাস করছিলেন। নিউ ইয়র্কের খামারবাড়ি গ্রোসারি ও নবান্ন রেস্টুরেন্ট
সংলগ্ন ‘অবকাশ স্টোর’-এ কর্মরত ছিলেন তিনি। দীর্ঘ দিন প্রবাসে থাকলেও তাঁর
কোনো অভিবাসনসংক্রান্ত কাগজপত্র (ইমিগ্রেশন ডকুমেন্ট) হয়নি এবং তিনি কিউ
গার্ডেনের একটি বাসায় একা থাকতেন। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায়
ভুগছিলেন বলেও জানা গেছে।
দীর্ঘ তিন দশকের প্রবাস জীবনের এমন করুণ
পরিণতিতে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি এবং মাগুরায় তাঁর গ্রামের বাড়িতে
গভীর শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে তাঁর জানাজা ও দাফনের বিষয়ে
কমিউনিটি নেতারা খোজখবর নিচ্ছেন।