উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত ‘বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ’ (এসআইআর)
প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলনের জেরে চরম উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজধানী
দিল্লি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর সার্বিক
নিরাপত্তা ব্যবস্থাকে নজিরবিহীন স্তরে উন্নীত করা হয়েছে।
একজোট বিরোধী ও নাগরিক সমাজ:
বিশেষ
নিবিড় পুনর্নিরীক্ষণ বা এসআইআর বাতিল এবং সিইসি জ্ঞানেশ কুমারের
পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে দেশের প্রধান বিরোধী
রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠন ও সুশীল সমাজের পূর্ণ সমর্থন পেয়েছে।
বৃহস্পতিবার
বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সিজেপি-র গণসমাবেশে হাজার হাজার মানুষের সামনে
বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ এবং খ্যাতনামা ইউটিউবার ও অ্যাক্টিভিস্ট ধ্রুব
রাঠি বক্তব্য রাখেন। সেখানে ধ্রুব রাঠি ভোটার তালিকায় চরম অনিয়মের তথ্য
তুলে ধরে বলেন, “জীবিত ব্যক্তিদের মৃত ও অনুপস্থিত বানিয়ে লাখ লাখ মানুষের
নাম ভোটাধিকার থেকে ছেঁটে ফেলা হচ্ছে।” তিনি প্রধান নির্বাচন কমিশনারের
তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেন।
এদিকে, দিল্লিতে বিরোধী জোট টানা তিন দিন
ধরে প্রতিবাদ অভিযান চালাচ্ছে। মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও
প্রিয়াংকা গান্ধীসহ বিরোধী দলের একাধিক সংসদ সদস্য বাসে করে রাজঘাটের দিকে
যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং অনেক
নেতাকর্মীকে আটক করে।
বুদ্ধিজীবীদের সংহতি:
আন্দোলনকারীদের দাবির
পক্ষে সংহতি জানিয়েছেন লেখিকা অরুন্ধতী রায়, শিক্ষাবিদ জয়তী ঘোষ,
অর্থনীতিবিদ জঁ দ্রেজ, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং
লাদাখের খ্যাতনামা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।
আগামী ১০ অক্টোবরের
‘দিল্লি চলো’ কর্মসূচিকে ঘিরে সংঘাত আরও বৃদ্ধির আশঙ্কায় দিল্লি পুলিশ
রাজপথগুলোতে কড়া পাহারা ও ড্রোন নজরদারি বজায় রেখেছে।