উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ণাঙ্গ
জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে
অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (৮
অক্টোবর) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ
কথা বলেন।
শিক্ষকদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের পদমর্যাদা ও জীবনমান উন্নয়নের স্বার্থে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণ অবশ্যম্ভাবী। তিনি উল্লেখ করেন,
বাংলাদেশের ইতিহাসে শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন ও মর্যাদা বৃদ্ধির সূচনা
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। সেই ধারাবাহিকতায়
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই শিক্ষকদের এই জাতীয়করণের
দাবি বাস্তবায়িত হতে পারে।
জাতীয়করণের কৌশল বাতলে দিয়ে তিনি
জানান, এর জন্য বছরে অতিরিক্ত ৭০০ থেকে ৮০০ কোটি টাকার প্রয়োজন। শিক্ষকরা
যদি একটি সুশৃঙ্খল ও বড় পরিসরের জাতীয় সমাবেশ আয়োজন করে মানবিক ও
গণতান্ত্রিক উপায়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরেন, তবে সরকার
অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
সম্মেলনে
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নবায়নযোগ্য শক্তি ব্যবহারের একটি নতুন উদ্যোগের
কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুদানে প্রতিটি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে ৫.৫ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা
হবে। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত হওয়ার পাশাপাশি ছুটির দিনগুলোতে
অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করে প্রতিষ্ঠানগুলো মাসে ৫ থেকে ১০
হাজার টাকা পর্যন্ত বাড়তি আয় করতে পারবে।
শিক্ষকদের জাতির
চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, "শিক্ষকই একমাত্র পেশা,
যা পৃথিবীর অন্য সব পেশার জন্ম দেয়। আপনারাই সমাজের মূল চালিকাশক্তি ও
গণতন্ত্রের বার্তাবাহক।" তিনি সমাজ ও রাষ্ট্রে শিক্ষকদের মর্যাদা
ক্ষুণ্নকারী যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে
তোলার আহ্বান জানান।