উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ
থেকেও এটি পুরোপুরি বিদায় নিতে পারে। তবে বর্ষার এই বিদায় পর্বেও দেশের
বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাসে
জানানো হয়, শুক্রবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ,
খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের
দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি
অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের
ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য
হ্রাস পেতে পারে।
পরবর্তী দিন অর্থাৎ শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা
থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা
রয়েছে। এর মধ্যে উত্তর ও উত্তর- পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের
ভারী বর্ষণ হতে পারে। ওই দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে
পারে।
এরপর রবিবার (১১ অক্টোবর) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে
পারে। সেদিন কেবল চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি
বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক
থাকবে এবং তাপমাত্রা সামান্য বাড়বে।
পরদিন সোমবার (১২ অক্টোবর)
বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা
থাকলেও দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের
তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
তবে স্বস্তির
পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে মেঘ জমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন
এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।