উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২০২৭ সাল থেকে শিক্ষাকার্যক্রমে ‘আনন্দময় শিক্ষা’, ‘কারিগরি শিক্ষা’, ‘খেলাধুলা’ ও ‘সংস্কৃতি’—এই চারটি নতুন বই যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া ২০২৮ সাল থেকে পাঠ্যক্রমের (কারিকুলাম) সার্বিক প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।
গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কুমিল্লার নারীশিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরীর অবদান ও জীবনবৃত্তান্ত পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। ভর্তি বিড়ম্বনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মোট আসনের তুলনায় ভর্তির যোগ্য প্রার্থী কম থাকায় প্রাথমিক আবেদনের পরও অনেক আসন খালি থেকে যাচ্ছে। আর এ কারণেই ভর্তি প্রক্রিয়ায় কিছুটা জটিলতা বা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।
সকাল ১১টার দিকে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং মোবাশ্বর আলম ভূইয়া এমপি।
অনুষ্ঠানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, “চলমান অর্থনৈতিক সংকটটি বৈশ্বিক। জনগণের ওপর থেকে এই চাপের প্রভাব প্রশমন করতে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি সহায়তার মাধ্যমে কাজ করে যাচ্ছে সরকার।” একই সঙ্গে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে স্থানীয় স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।