উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুনামগঞ্জের কৃতি সন্তান ও সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সম্মানিত উপদেষ্টা জনাব আবু সুফিয়ান পটারসন সিটির ডেপুটি মেয়র মনোনীত হওয়ায় সমিতি কর্তৃক এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ৪ অক্টোবর অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সংবর্ধনা সভা সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন ওমর সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হাসান রিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটারসন সিটির মেয়র অ্যান্ড্রে সায়া (Andre Sayegh)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সেকেন্ড ওয়ার্ড কাউন্সিলম্যান শাহিন খালিক, অ্যাসেম্বলি ম্যান আল আব্দুল আজিজ, বোর্ড অব এডুকেশন প্রেসিডেন্ট জুয়েল রামারেজ, ডেপুটি মেয়র মারিয়া ফিলার রিভার্স, নিউ জার্সি আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, গ্রেটার গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী পারভেক, কমিউনিটি ব্যক্তিত্ব ফয়জুর রহমান ফটিক এবং রাজা মিয়া তালুকদার।
সংবর্ধনা সভায় বক্তারা আবু সুফিয়ানের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়াকে প্রবাসী বাংলাদেশি এবং সুনামগঞ্জবাসীর জন্য এক বিরাট গৌরব ও সাফল্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন। তারা আশা প্রকাশ করেন, তিনি তার দায়িত্ব পালনের মাধ্যমে প্রবাসী কমিউনিটি ও মূলধারার রাজনীতির সেতু বন্ধন হিসেবে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন, সাবেক সভাপতি রেজাউল করিম চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মুকিত, উপদেষ্টা হোসেন পাঠান বাচ্চু এবং উপদেষ্টা অ্যাডভোকেট এ বি এম জাফরান। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নবীন-প্রবীণ প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠান শেষে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের পক্ষ থেকে সুনামগঞ্জবাসী, কার্যকরী কমিটির সকল সদস্যসহ উপস্থিত সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।