উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল
থানাধীন পূর্ব বাগিচাগাঁও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগে বাধা দেওয়া ও ওয়াকফ
এস্টেটের জমি দখলের চেষ্টা প্রতিহত করায় দৈনিক ‘বাংলাদেশ কণ্ঠ’-এর জেলা
ব্যুরো প্রধান ও স্থানীয় ওয়াকফ এস্টেটের নায়েবে মোতাওয়াল্লী হাজী মোঃ
আলমগীর হোসেন আলমকে প্রকাশ্যে দিবালোকে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ
উঠেছে।
ঘটনায় অভিযুক্ত পাভেল (৩০) ও তার নিয়ন্ত্রণাধীন ১০-১২ জনের একটি
সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ
ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বাগিচাগাঁওস্থ ‘সৈয়দ ওসমান হায়দার
চৌধুরী ওয়াকফ এস্টেট’-এর নায়েবে মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করে
আসছিলেন সাংবাদিক আলমগীর হোসেন। গত ৩০ সেপ্টেম্বর এস্টেটের সীমানায় বহিরাগত
এক নারী নিয়মবহির্ভূতভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ গ্রহণ করেন। বিষয়টি বিদ্যুৎ
বিভাগকে অবগত করা হলে তারা তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।
এরই
জেরে গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর দুইটার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে
ফেরার পথে অভিযুক্ত পাভেল ও তার গ্যাং সদস্যরা সাংবাদিক আলমগীরকে খাঁ
বাড়ীতে ডেকে নিয়ে হামলা ও গালাগাল করে। একপর্যায়ে তাকে রামদা বা দেশীয়
অস্ত্র দিয়ে কোপানোর হুমকি দেওয়া হয় এবং ওয়াকফ এস্টেটের সরকারি দায়িত্ব
পালনে বাধা সৃষ্টির ঘোষণা দেয় তারা। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে
উদ্ধার করেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত পাভেল এলাকায় চিহ্নিত
চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। সে তার কিশোর গ্যাং ব্যবহার
করে নতুন বাড়ি নির্মাণ, জমি কেনাবেচাসহ বিভিন্ন কাজ থেকে মোটা অঙ্কের চাঁদা
দাবি করে থাকে। তার অত্যাচারে এলাকার বাসিন্দারা অতিষ্ঠ ও আতঙ্কিত।
ভুক্তভোগী
সাংবাদিক আলমগীর হোসেন আলম জানান, “আমার জানমালের নিরাপত্তা এখন চরম
হুমকির মুখে। ভবিষ্যতে আমার কোনো ক্ষয়ক্ষতি হলে তার জন্য পাভেল ও তার কিশোর
গ্যাং দায়ী থাকবে।”
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) জানান, অভিযোগ হাতে পেয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা
হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হবে।